বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাবে। এ জন্য প্রস্তুতি নিলেও এখনও দলীয় প্রার্থী চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পাশাপাশি বিএনপির এই শীর্ষ নেতা বলেন, “আগামীতে সুষ্ঠু নির্বাচনের কোনো আলামত দেখছি না। দেশে কোনো গণতন্ত্র নেই। বিএনপি সব সময় গণতন্ত্র নিয়ে কথা বলে এসেছে। গত পাঁচ বছর গণতন্ত্র নিয়ে কথা বলতে বলতে আমরা ক্লান্ত।”
আজ (সোমবার) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব এমন মন্তব্য করেন।
এ সময় মির্জা ফখরুল অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ-নির্দলীয় সহায়ক সরকারের অধীনে নির্বাচনের আহ্বান জানান।
এর আগে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে এক যৌথসভা অনুষ্ঠিত হয়। সেখান থেকে আট দিনের কর্মসূচি পালনের পরিকল্পনা ঘোষণা করা হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “সম্পূর্ণ দখলদারিত্ব কায়েম করে গায়ের জোরে ক্ষমতায় টিকে আছেন প্রধানমন্ত্রী। বিনা ভোটের সরকার গঠন করে আবারও অনৈতিক পথে হাঁটছেন। গত কয়েক দিনে আবারও আমাদের নেতাকর্মীদের গ্রেফতার শুরু করেছে। এমতাবস্থায় সুষ্ঠু নির্বাচনের কোনো আলামত দেখছি না আমরা।”
প্রধানমন্ত্রীর সমালোচনা করে ফখরুল বলেন, এ কয়েকদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে যে অশালীন বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ রাজনৈতিক শিষ্টাচারবর্জিত। ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় বিএনপিকে কোনো গণতান্ত্রিক কর্মকাণ্ডে অংশ নিতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন ফখরুল। রাষ্ট্রপতির সমালোচনা করে তিনি বলেন, রাষ্ট্রপতি আওয়ামী লীগের দলীয় লক্ষ্য পূরণ করছেন। কার্যালয় থেকে যা বলা হয়, তা-ই তিনি পাঠ করেন।
এমবি





