বিএনপির গতকালের গণ অনশনকে গণ -দুশমনদের অনশন বলে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বীর উত্তম খাজা নিজামুদ্দিন মিলনাতয়নে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত ‘চলমান রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ২০১৩ সালে সহিংসতা করে গণ-দুশমনে পরিণত হয়েছে বিএনপি। সেই গণ-দুশমনরা এখন গণ-অনশন করে জাতির সঙ্গে প্রতারণা করছেন।
তিনি বলেন, বিএনপি-জামায়াত যতই ষড়যন্ত্র, নৈরাজ্য ও চোরা-গোপ্তা হামলা করুক। বর্তমান সরকার মেয়াদপূর্ণ করেই সংবিধান অনুযায়ী ৫ বছর পর নির্বাচনে দিবে। এর আগে বাংলাদেশে কোন নির্বাচন হবে না।
বিএনপি নেত্রীর সংলাপ চাওয়ার বিষয়ে তিনি বলেন, অবশ্যই সংলাপ হতে পারে। তবে নির্বাচন নিয়ে নয়। আপনাদের (বিএনপি) সঙ্গে নৈরাজ্যের রাজনীতি প্রত্যাহার, যুদ্ধাপরাধীদের সঙ্গ ত্যাগ ও আপনার (খালেদা জিয়ার) সঠিক জন্ম তারিখ নিয়ে আলোচনা হতে পারে।
বিএনপির সাংগঠনিক রেড এলার্ট জারি সম্পর্কে তিনি বলেন, রাজনীতিতে এটা রেড এলার্ট নয়। এটা আপনাদের রাজনীতিতে লাল বাতি। রাজনীতিতে আপনাদের লাল বাতি অনেক আগেই জ্বলছে। এখন রেড এলার্ট জারি করে কিছুই হবে না।
ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হাজী মো: সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) স্থায়ী কমিটির সদস্য মীর হোসেন আখতার, সাম্যবাদী দলের স্থায়ী কমিটির সদস্য হারুন চৌধুরী, বঙ্গবন্ধু একাডেমীর সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজি প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ৫ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]