নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, যে বিদেশী শক্তির ওপর ভর করে বেগম খালেদা জিয়া ক্ষমতায় যেতে চেয়েছিলেন। সেই বিদেশীরা তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সম্প্রতি জন কেরির বাংলাদেশ সফরের মধ্য দিয়ে তা প্রমাণিত হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘জঙ্গীবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িক সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াও’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যারা মুক্তিযুদ্ধ সম্পর্কে কটাক্ষ করে তাদের বিচারের জন্য আইন করতে আমার বদ্ধপরিকর। এ আইনের আওতায় কেউ ছাড় পাবে না। কিছু দিন পর ডিজিটাল নিরাপত্তা আইন সংসদে পাশ হবে, যার সর্বোচ্চ শাস্তি হবে যাবজ্জীবন এবং জরিমানা এক কোটি টাকা।

তিনি আরো বলেন, জামায়ত এখনও অখন্ড পাকিস্তানে বিশ্বাস করে। তারা মুক্তিযুদ্ধের বাংলাদেশে বিশ্বাস করেনা। অন্যদিকে পাকিস্তানীরা এখনও বসে নেই, বাংলাদেশ স্বাধীনের ৪৫ বছর পরও তারা একের পর এক ষড়যন্ত্র করছে।

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রজন্ম মঞ্চ এ আলোচনা সভা আয়োজন করে।

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রজন্ম মঞ্চ ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মো. নজরুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে আরো বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মিয়া।

ইআর