বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লা বুলু অভিযোগ করে বলেছেন, দেশ আজ মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। এর থেকে পরিত্রাণ দরকার। দেশের সকল মানুষ আজ স্বাভাবিক মৃত্যু কামনা করে। কেউ খুন-গুম হতে চায় না। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই মানুষ মুক্তির পথ খুঁজবে।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হলরুমে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বুলু বলেন, লক্ষ্মীপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ১১ নং হাজীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুকের সন্ধান ও তাকে ফিরিয়ে দেয়ার দাবিতে লক্ষ্মীপুর জেলা বিএনপি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, জেলা বিএনপির সভাপতি আবুল খায়ের ভুঁইয়া, সাবেক এমপি নাজিম উদ্দিন আহমেদ প্রমুখ। এছাড়াও অপহৃত ওমর ফারুকের স্বজনরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ওমর ফারুককে গত ৪ ফেব্রুয়ারি চট্টগ্রামে তার ভায়রার বাসা থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে আনা হয়। এর পর থেকেই তার সন্ধান মিলছে না।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, সারা দেশব্যাপী যেভাবে হত্যা, গুম, নির্যাতন চলছে, তা জাতির জন্য দুর্ভাগ্যজনক। তিনি বলেন, মানুষ হত্যা-গুম-জুলুম-নির্যাতন-নিপীড়নের অবসান চায়। তিনি অবিলম্বে অপহৃত ওমর ফারুককে খুঁজে বের করে ফিরিয়ে দেয়ার দাবি জানান।  
ঢাকা, এমএইচ, ৯ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)//এসআর