বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাকি জীবন কারাগারে কাটাতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
বৃহস্পতিবার খুলনা স্টেডিয়াম সংলগ্ন মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়া আন্দোলনের নামে নাশকতা করছেন। তার স্বপ্ন আর ষড়যন্ত্র কোনোদিনও সফল হবে না। বাকি জীবন তাকে আদালতের বারান্দা আর কারাগারে কাটাতে হবে।
হানিফ বলেন, হরতাল আর অবরোধের রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছেন। দেশের কোথাও হরতাল পালন হচ্ছে না। আছে শুধু পেট্রোলবোমার রাজনীতি, যা দিয়ে প্রতিদিনই মানুষ পুড়িয়ে মারা হচ্ছে।
সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ। এ সময় আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ, সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, কেন্দ্রীয় নেতা এস এম কামাল হোসেন, সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক প্রমুখ।
প্রায় সাড়ে ১১ বছর পর অনুষ্ঠিত এই কাউন্সিলে সভাপতি প্রার্থী হিসেবে নিজেদের ঘোষণা করেছেন বর্তমান সভাপতি শেখ হারুনুর রশিদ এবং বর্তমান সাধারণ সম্পাদক এস এম মোস্তফা রশিদী সূজা।
এমআর/কেএইচ





