সকল সংসদ সদস্যদের আবাসন সমস্যা সমাধান করতে সাত মন্ত্রীকে ন্যাম ভবনের ফ্ল্যাট ছেড়ে দেয়ার নোটিশ দিয়েছে সংসদ কমিটি। অভিযোগ রয়েছে, নবম ও দশম সংসদের বেশ কয়েকজন মন্ত্রী একই সঙ্গে মন্ত্রী ও সংসদ সদস্য হিসেবে আবাসন সুবিধা ভোগ করে আসছেন।

সোমবার জাতীয় সংসদ ভবনে সংসদ কমিটির তৃতীয় বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। এ সময় কমিটি নোটিশ দেওয়ার পরেও মন্ত্রীরা ফ্ল্যাট না ছাড়ায় ক্ষোভ প্রকাশ করে।
আ স ম ফিরোজের সভাপতিত্বে কমিটির সদস্য মো. তাজুল ইসলাম চৌধুরী, মো. আব্দুস শহীদ, নূর-ই-আলম চৌধুরী, সাগুফতা ইয়াসমিন, পঞ্চানন বিশ্বাস এবং ফজলে হোসেন বাদশা বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়া সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সংসদ কমিটির সভাপতি ও চিফ হুইপ সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী সকল সংসদ সদস্যের আবাসন সমস্যা সমাধানের জন্য নির্দেশ দিয়েছেন। দশম সংসদে যারা মন্ত্রিত্ব পেয়েছেন তাদের আর সংসদ সদস্যদের জন্য নির্ধারিত ভবনের ফ্ল্যাট দেওয়া হবে না এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এরপরও যারা ন্যাম ভবনের ফ্ল্যাট দখলে রেখেছেন তাদের কয়েকবার নোটিশ দেওয়ার পর এবার চূড়ান্ত নোটিশ দেওয়া হয়েছে।’

এর আগে দশম সংসদের সকল সদস্যের আবাসন সমস্যা সমাধান করতে আওয়ামী লীগের সংসদীয় কমিটির এক বৈঠকে নির্দেশ দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এমন নির্দেশের পর ন্যাম ভবনে ফ্ল্যাট দখলে রাখা মন্ত্রীদের মৌখিকভাবে এবং পরে নোটিশ দিয়ে জানানো হয়।

সংসদ সূত্রে জানা যায়, ন্যাম ভবন-৪ এর ৪০৭ নম্বর ফ্ল্যাট দখলে রয়েছে নবম ও দশম সংসদের নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। একই ভবনের ৭০১ নম্বর ফ্ল্যাট দখলে রয়েছ যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের। দশম সংসদের ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ ডিলুর দখলে রয়েছে একই ভবনের ৪০৩ নম্বর ফ্ল্যাট। ৪০২ নম্বর ফ্ল্যাট দখলে রয়েছে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের। ন্যাম ভবন-৬ এর ৯০৩ নম্বর ফ্ল্যাট দখলে রয়েছে উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. ছাইদুল হক, প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) নজরুল ইসলামের।

ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই