ঢাকা শহর বসবাসের অযোগ্য হয়ে পড়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। তিনি বলেন, আমরা সব নাগরিক সুবিধা নিশ্চিত করে আধুনিক ঢাকা গড়ে তুলব।

শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুর পৌনে ১১টার দিকে মোহাম্মদপুর রাজিয়া সুলতানা রোডে গণসংযোগকালে এ কথা বলেন তাবিথ আউয়াল।

এ সময় তাবিথ বলেন, “নির্বাচন কমিশন ইচ্ছা করে ৩০ জানুয়ারি পূজার দিন ভোট দিয়ে বিতর্কটা তৈরি করেছে। আমরা আপিল বিভাগের দিকে তাকিয়ে আছি।”

তাবিথ আউয়াল বলেন, “মানুষের কাছে বিপুল সাড়া পাচ্ছি। আজ যে গণজোয়ার তৈরি হয়েছে, এ জোয়ার ৩০ জানুয়ারি ধানের শীষকে বিজয়ের দিকে নিয়ে যাবে।”

বিএনপির এ মেয়র প্রার্থী আরও বলেন, “ঢাকা শহর বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তাঘাট, ড্রেনেজ ও স্যুয়ারেজসহ নাগরিক সুবিধা থেকে প্রতিনিয়তই বঞ্চিত হচ্ছে নগরবাসী। আমরা সব নাগরিক সুবিধা নিশ্চিত করে আধুনিক ঢাকা গড়ে তুলব।”

এর আগে সকাল ১০টার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে অষ্টম দিনের মতো গণসংযোগ শুরু করেন তাবিথ আউয়াল।

এসময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় বিপুলসংখ্যক নেতাকর্মী গণসংযোগে অংশ নেন।

এমবি