বরিশাল-৫ (সদর) আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রয়াত সংসদ সদস্য এডভোকেট শওকত হোসেন হিরনের সহধর্মিনী জেবুন্নেছা আফরোজ।
১৫৯টি কেন্দ্রের ভোট গণনা শেষে তিনি ১ লাখ ৮৩ হাজার ৬২৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। নির্বাচনে একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনএফ মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম লিটন পেয়েছেন ৬ হাজার ১৩৬ ভোট।
রোববার রাত ৮ টা ১০ মিনিটে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. শহিদুল আলম আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
তিনি জানান, ১ লাখ ৮৯ হাজার ভোট পড়েছে। এর মধ্য বাতিল হয়েছে এক হাজার ২৬৩ ভোট। উপ-নির্বাচনে শতকরা ৫৫ ভাগ ভোট কাস্ট হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেবুন্নেছা আফরোজ হিরন-নৌকা এবং বিএনএফ মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম লিটন-টেলিভিশন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।
তবে বিএনএফ প্রার্থী কোনো ভোট কেন্দ্রে এজেন্ট না দেয়ায় এবং তিনি নিজে কোনো কেন্দ্রে উপস্থিত না হওয়ায় অধিকাংশ কেন্দ্রে ব্যাপক জালভোটের ছড়াছড়ি হয় বলে অভিযোগ রয়েছে। নগরীর সরকারি মহিলা কলেজ কেন্দ্রে মোট ২ হাজার ১৩৬ জন ভোটারের মধ্যে ১ হাজার ১২৬ টি ভোট পড়েছে।
এরমধ্যে টেলিভিশন প্রতীক পেয়েছে ৪৭ ভোট, বাতিল হয়েছে তিনটি ভোট। বাকি ভোট পেয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী জেবুন্নেছা আফরোজ হিরন। সিটি কলেজ কেন্দ্রে ২ হাজার ২২০ ভোটের কাস্ট হয়েছে ১ হাজার ৩৪৭ ভোট। এখানে নৌকা প্রতীকে ১ হাজার ২৯৯ ভোট এবং টেলিভিশন প্রতীকে ১৪০ ভোট আর বাতিল হয়েছে দুটি ভোট। একইভাবে সকল কেন্দ্রেই বিপুল ভোটের ব্যাবধানে প্রতিদ্বন্দ্বি প্রার্থী সাইফুল ইসলাম লিটনকে পরাজিত করেন।
বরিশাল সিটি করপোরশেন ও সদর উপজলো নিয়ে গঠিত বরিশাল-৫ আসনে মোট ভোটার ৩ লাখ ৪২ হাজার ২২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭০ হাজার ৯৬৭ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৭১ হাজার ২৬১ জন। এই আসনরে মোট ভোটকন্দ্রে ছিলো ১৫৯টি, মোট ভোটদান কক্ষ ৮১০টি।
ঢাকা, ১৫ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





