২৬ মার্চ লাখো কন্ঠে সোনার বাংলা অনুষ্ঠানকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধের চেতনাওয়ালারা যে ব্যবসা করেছে সেটা সমগ্র জাতিকে লজ্জিত করেছে। দেশে স্বাধীনতা নিয়ে ব্যবসা চলছে বলে মন্তব্য করেছেন ন্যাপের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুঁইয়া।
শনিবার দুপুরে নয়াপল্টনস্থ যাদু মিয়া মিলনায়তনে ন্যাপের কক্সবাজার জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোস্তফা ভুঁইয়া বলেন, আজ যখন বাংলাদেশ ধীরে ধীরে সার্বভৌমত্ব হারাচ্ছে তখন স্বাধীনতার ইতিহাস নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। এ বিতর্ক জাতির জন্য কখনও কল্যাণকর হবেনা।
তিনি বলেন, মানুষের ওপর অত্যাচার, নির্যাতন, বিচার বর্হিভূত হত্যাকাণ্ড ঘটিয়ে লাখো কন্ঠে জাতীয় সংগীত গাইলেই গণতন্ত্র রক্ষা হয়না।
ন্যাপ কক্সবাজার জেলা সভাপতি এসএম সৈয়দউল্লাহ আজাদের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।
ঢাকা, ২৯ মার্চ (টাইমনিউজবিডি.কম)// এসআর