বর্তমান সরকারকে জবরদখলকারী ও অবৈধ আখ্যায়িত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস বলেছেন,খালেদার নেতৃত্বে যে চূড়ান্ত আন্দোলন হবে সেই আন্দোলনে দাবি মানতে সরকারকে বাধ্য করা হবে।
শনিবার জামালপুর স্টেডিয়াম সংলগ্ন জেলা স্কুল মাঠে ২০ দলীয় জোট আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জনগণের ভয়েই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন দিতে বর্তমান জবরদখলকারী সরকার বাধ্য হবে।
বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেওয়ার প্রতিবাদে এবং অবিলম্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনের দাবিতে ২০ দলীয় জোট এ জনসভার আয়োজন করেছে। জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
তিনি বলেন, অবৈধ’ সরকারের সময় শেষ। এ সরকারকে বিদায় দিতে আমাদের চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নিতে হবে।
যতই চেষ্টা করুক, সরকার হত্যা, নির্যাতন, মামলা-গ্রেফতার চালিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায়ের আন্দোলন স্তব্ধ করতে পারবে না এবং তাদের অবশ্যই জনগণের কাছে হারতে হবে বলে হুঁশিয়ারি দেন মির্জা আব্বাস।
সভায় ২০ দলীয় জোটের কেন্দ্রীয় নেতাদের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মইন খান, নজরুল ইসলাম খান,বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম, যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমান,শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি, পিপলস লীগের চেয়ারম্যান অ্যাডভোকেট গরীবে নেওয়াজ, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, সাম্যবাদী দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড সাঈদ আহমেদ, ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম, কল্যাণ পার্টির এমএম আমিনুল ইসলাম, বিজেপির সালাউদ্দিন মতিন, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন আহমেদ মনি প্রমুখ।
ঢাকা, এমএইচ, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম





