সাবেক মন্ত্রী ও বাংলাদেশের সাম্যবাদী দলের (এম.এল) সাধারন সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়া বলেছেন, বঙ্গবন্ধুকে সহপরিবারে হত্যার পর যে রাজনীতি শুরু হয়েছিল, আবার সে স্বাধীনতা বিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। কিন্তু বোমা মেরে আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে কখনই ধ্বংস করা যাবেনা।

মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল) আয়োজিত ‘মুক্তিযুদ্ধের চেতনা এবং জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃতে দেশ এগিয়ে যাচ্ছে। এই বোমাবাজদের পরাজিত করে আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক মুক্তি অর্জন করতে হবে। শেখ হাসিনার নেতৃতে দেশ থেকে জঙ্গিবাদী ও মৌলবাদ মুক্ত হবে।

আলোচনা সভায় অংশগ্রহণ করে জাসদের সাধারন সম্পাদক শরিফ নুরুল আম্বিয়া বলেন, হরতাল-অবরোধ ও অগ্নিসংযোগের গ্রহণযোগ্যতা এখন জনগণের মাঝে নেই। তারপরেও বিএনপি জোট এই কর্মসূচী দিয়ে আসছে। তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে এই আগুন সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, জাতীয় পার্টির (মঞ্জু) মহাসচিব শেখ শহিদুল ইসলাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবুল সোবহান গোলাপ, বাংলাদেশের সাম্যবাদী দলের কেন্দ্রীয় সদস্য এডভোকেট বীরেন সাহা প্রমুখ।

এমএ/এমকে