মাসব্যাপী (২৫ জুন থেকে ২৪ জুলাই) বৃক্ষরোপণ অভিযান ২০২৩ কর্মসূচির উদ্বোধন ও ছাত্রদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখা।
গতকাল মঙ্গলবার (২৭ জুন) রাজধানীর মিরপুরস্থ এক মাঠে বৃক্ষরোপণ অভিযান ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মঞ্জুরুল ইসলাম।
এ সময় ঢাকা মহানগর পশ্চিম শাখা সভাপতি মু. আসাদুজ্জামান, শাখা সেক্রেটারি এইচ এম সালাউদ্দিন মাহমুদসহ মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সেক্রেটারি জেনারেল বলেন, ‘সবার আগেযেকোনো উন্নয়ন কর্মকাণ্ডে পরিবেশকে গুরুত্ব দেয়া উচিত। কেননা প্রাকৃতিক পরিবেশকে উপেক্ষা করে টেকসই উন্নয়ন সম্ভব নয়। বৃক্ষহীন পরিবেশ জীবন ও জীবিকার জন্য মারাত্মক হুমকিস্বরূপ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বিশ্বের দূষিত শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা বার বার চ্যাম্পিয়ান হচ্ছে। এ ধরনের খবর নিশ্চয়ই ঢাকা তথা দেশবাসীর জন্য মোটেই সুখকর নয় বরং তা উদ্বেগের বিষয়। এজন্য ছাত্রশিবির এ বছর শুধু ঢাকা শহরেই ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে।’
প্রধান অতিথি আরো বলেন, ‘প্রতি বছরের মতো এ বছরও ছাত্রশিবির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করেছে। যা ২৫ জুন থেকে ২৪ জুলাই, ২০২৩ পর্যন্ত চলবে। একটি সবুজ দেশ গড়তে, সবুজ বিপ্লব করতে ছাত্রশিবিরের এ কর্মসূচিতে সর্বস্তরের ছাত্রজনতাকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি।’
জনশক্তিদের এ কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। সর্বশেষ প্রধান অতিথিসহ উপস্থিত সকল নেতৃবৃন্দ ছাত্রশিবিরের এ বছরের বৃক্ষরোপন অভিযানের স্লেগানটি সমস্বরে পাঠ করেন।
‘একটি হলেও বৃক্ষরোপণ, করব জনে জনে;
সবুজ দেশের সুস্থ বাতাস, লাগুক সবার প্রাণে’। প্রেস বিজ্ঞপ্তি।
এবিএস





