ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সব রিপোর্ট তথ্য নির্ভর নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেছেন, টিআইবির বক্তব্য উদ্দেশ্য প্রণোদিত, মির্জা ফখরুলের সাথে টিআইবির বক্তব্যের মিল রয়েছে।

শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ নারায়াণগঞ্জ জেলা আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি ড. হাছান বলেন, ষড়যন্ত্রের মাধ্যমেই বিএনপির জন্ম। তারা সব সময় ষড়যন্ত্র করে এখনও করছে। তাই তারা বিভিন্ন সময় গোপন বৈঠক করে। গত রাতেও তারা সরকারি কর্মকর্তাদের নিয়ে গোপন বৈঠক করেছেন। এতেই প্রমাণ হয় তাদের ষড়যন্ত্র থেমে নেই।

তিনি আরও বলেন, ক্ষমতা লোভী কিছু সরকারি কর্মকর্তা খালেদা জিয়ার সাথে গোপন বৈঠক করেছে। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে।

সংগঠনের সভাপতি মাহিনুর রহমান সানির সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন, সংগঠনের সহ-সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান দুর্জয় প্রমূখ।

উল্লেখ্য, গত বছর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের অবস্থান ছিল ১৬। এ বছর এটা বেড়ে ১৪ হয়েছে।

এমআর/ এআর