পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজয়ে শুভেচ্ছা জানিয়ে উপহার হিসেবে শাড়ি ও নিজের লেখা কবিতার বই পাঠিয়েছেন বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

দু-এক দিনের মধ্যে এরশাদের পাঠানো এই উপহার তার ভাতিজা আহসান হাবিব মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌছে দেবেন বলে জানা গেছে। সম্প্রতি আহসান হাবিব বাংলাদেশে গেলে এরশাদ তার হাতে এসব শুভেচ্ছাবার্তা ও উপহার দিয়ে পৌছে দিতে বলেন।

আহসান হাবিব বলেন, এরশাদ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এবং তাঁর বাল্যবন্ধু প্রয়াত কমল গুহর ছেলে উদয়ন গুহর বিজয়েও শুভেচ্ছা জানিয়ে উপহার পাঠিয়েছেন। তিনি ওই দুই বিজয়ীর কাছে ইতিমধ্যে উপহার পৌছে দিয়েছেন। এবার কলকাতায় গিয়ে উপহার ও শুভেচ্ছাবার্তা মমতার হাতে পৌছে দেবেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী শুভেচ্ছা জানিয়েছেন। শপথ নেওয়ার আগের দিন মমতাকে ২০ কেজি পদ্মার ইলিশ পাঠিয়েছেন শেখ হাসিনা। এ ছাড়া মমতার শপথ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দূত হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

ইআর