রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবেদন চেয়ে পুলিশকে চিঠি দিয়েছে ইসি।

মহাপুলিশ পরিদর্শকের কাছে দেওয়া হয় চিঠিতে এ ঘটনায় কাউকে অহেতুক হয়রানি না করার জন্য বলা হয়েছে।

এ বিষয়ে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানান, প্রকৃত ঘটনা কি তা জানতে পুলিশের কাছে প্রতিবেদন চেয়ে চিঠি দেয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর করণীয় কী হবে তা কমিশন ঠিক করবে।

জানা গেছে, দলীয় মনোনয়ন ফরম বিতরণের মধ্যে গত বুধবার নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও পুলিশের দুটি গাড়িতে আগুন দেয়া হয়।

এ নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে পরস্পরকে দোষারোপ করেছে আওয়ামী লীগ ও বিএনপি।

আর পুলিশ বলেছে, বিএনপি নেতাকর্মীরা বিনা উসকানিতে তাদের ওপর হামলা চালালে সংঘর্ষের সূত্রপাত হয়।

এরপরই পুলিশকে চিঠি দিল ইসি।

ইসি সূত্র জানায়, দলীয় কার্যালয়ে মনোনয়ন সংগ্রহ ও জমাকে কেন্দ্র করে মিছিল, শোডাউন হওয়ায় আচরণবিধি লঙ্ঘন বন্ধে যথাযথ ব্যবস্থা নিতে পুলিশ মহাপরিদর্শককে গত ১৩ নভেম্বর চিঠি দেয় কমিশন।

পরদিনই নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ওই সংঘর্ষ হয়।

এসএম