২০ দলীয় জোট নেতা ও জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, দিল্লী ও তার এদেশীয় দালাল পঞ্চম বাহিনীকে হুশিয়ার করে বলেছেন মনে রাখা ভাল, বাংলাদেশের মানুষ কাউকে খেরাজ-খাজনা দিয়ে রাজনীতি করে না।

স্বাধীনতার বুক চিরে ট্রানজিট-করিডোর চলবে না। আমরা আসাম-ত্রিপুরা-মেঘালয়সহ স্বাধীনতাকামী সাত রাজ্যের বিরুদ্ধে রাজাকারের ভূমিকায় নামতে পারি না। টনপ্রতি ১৯২ টাকায় আমার স্বাধীনতা বিক্রির লাইসেন্স দেশবাসী কোন গভর্ণমেন্টকে দেই নাই।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলাদেশের বন্ধুত্ব মূল্যবান। দুশমনি কেনার চেষ্টা করবেন না। এই ভাটির বাংলার হাজার বছরের ইতিহাস সম্প্রীতির ইতিহাস।

মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান, পাহাড়ি-বিহারীদের নিরাপত্তা দেবার যোগ্যতা ও ক্ষমতা আমরা রাখি। বরং আপনারা বাবরি মসজিদসহ কোন সম্প্রদায়ের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারেন নাই।

এখন রামকৃষ্ণ মিশন ও হিন্দু সংখ্যালঘুর বাহানা তুলে আমাদের বুকে পা দেবার চেষ্টা হচ্ছে। গদির লোভে শেখ হাসিনা সেই ভয়ংকর ফাঁদে পা দিয়েছে। দেশবাসী হুশিয়ার থাকবেন। বাংলাদেশের দেশপ্রেমিকরা জেগে উঠ-ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোল। আমরা আরেকটা পলাশীর ট্রাজেডি মেনে নিতে পারি না।

আজ দুপুরে আসাদ গেট জিইউপি মিলনায়তনে ১৭৫৭’র ২৩ জুন-ঐতিহাসিক পলাশী দিবস স্মরণে ‘আর কোন পলাশী নয়’ শীর্ষক জাগপা আয়োজিত আলোচনা সভায় তিনি সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

সভায় বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক আওলাদ হোসেন শিল্পী, যুব জাগপার সভাপতি ফায়জুর রহমান, সাধারণ সম্পাদক শেখ ফরিদউদ্দিন, জাগপা ছাত্রলীগের সভাপতি সাইফুল আলম, নগর যুব জাগপার সভাপতি খোরশেদ আলম সুমন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবলু প্রমুখ।

এআই