কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য, কৃষকের ব্যবহৃত সার, বীজ, ডিজেল ও কীটনাশকসহ কৃষি উপকরণের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং ভারত থেকে চাল আমদানি বন্ধসহ ১৩ দফা দাবিতে ৮ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী কৃষক দল।

শনিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে- ২৩ ডিসেম্বর দেশব্যাপী জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান। ২৪ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে জেলা উপজেলা পর্যায়ে আলোচনা  সভা, ২৯ ডিসেম্বর ঢাকায়  কেন্দ্রীয়ভাবে কৃষক দল আয়োজিত আলোচনা সভা এবং ৩০ ডিসেম্বর কৃষক দলের  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা ও ফাতেহা পাঠ।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু, যুগ্ম সাধারণ সম্পাদক তকদির হোসেন জসিম,  বিএনপির সহ দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি প্রমুখ।

এমএইচ/ এআর