আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিশ্বের উন্নত অনেক দেশের তুলনায় বাংলাদেশে করোনাভাইরাস প্রতিরোধের প্রস্তুতি অনেক ভালো।
সোমবার (০৯ মার্চ) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের এক সভা শেষে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। যে ৩ জন ভাইরাসে আক্রান্ত তাদের ইতোমধ্যেই নিবিড় পর্যবেক্ষণে নেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের সাথে সম্পৃক্ত আরও ৪০ জনকে পর্যবেক্ষণের আওতায় রাখা হয়েছে।
ইতালি ফেরত দুই প্রবাসীর মাধ্যমে বাংলাদেশে করোনা ছড়িয়েছে, তারা বিমানবন্দর দিয়ে দেশে প্রবেশের সময় কেন স্ক্যানার মেশিনে বা কর্তৃপক্ষের কাছে ধরা পড়লেন না?
এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, বিমানবন্দরে সবাইকে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে যেহেতু ১০ থেকে ১৫ দিন করোনাভাইরাস সুপ্ত অবস্থায় থাকে, সেই সময় টের পাওয়া যায় না। ফলে এরকম কেউ ঢুকে পড়তে পারে। অবশ্য এ বিষয়ে আমার থেকে বিশেষজ্ঞরা বেশি ভালো বলতে পারবেন। তবে করোনা প্রতিরোধে বিমানবন্দরে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
করোনাভাইরাস ইস্যুতে বিএনপি সরকারের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে। এ প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, বিএনপি দেশের মানুষ নিয়ে চিন্তিত নয়, তারা করোনা নিয়েও ভাবছে না, তারা বেশি ভাবছে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে।
তিনি আরও বলেন, মুজিববর্ষ আমাদের হিংসা-বিদ্বেষ ভুলে যাওয়ার সময়, কিন্তু তারা হিংসা-বিদ্বেষের রাজনীতি করে চলছে। আমরা চাই করোনাভাইরাস প্রতিরোধে সবাই একযোগে কাজ করবে।
এমবি





