জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘প্রতিদিন রাজন-রবিউল-রাজা হত্যা হচ্ছে। হত্যাকারীদের বিচার হয় না। দেশে কোন আইনের শাসনে নেই। তাই তারা খুন করতে ভয় পায় না।’
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাপা আয়োজিত নারী ও শিশু হত্যার প্রতিবাদে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এরশাদ বলেন, ‘রাজনৈতিক কারণে আজ গণতন্ত্রহীন সমাজ, আইনহীন সমাজ। এ সমাজে মানুষ বাঁচতে পারে না। হত্যাকারীদের বিচার করুন, ফাঁসি দিন। আর নারী ও শিশু হত্যা বন্ধ করুন।
তিনি প্রশ্ন রেখে বলেন, ‘কেন এই হত্যা? কেন আইনের শাসন নাই?’
এসময় তিনি দেশের সকল মানুষকে সমস্বরে প্রতিবাদের অনুরোধ জানিয়ে বলেন, ‘আসুন আমরা সমস্বরে প্রতিবাদ করি। নারী–শিশু হত্যার প্রতিবাদ করি।’
এসময় উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য সংসদ সদস্য সৈয়দ আবুল হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য সাইফউদ্দিন আহমেদ মিলন, ঢাকা মহানগর উত্তর এর সভাপতি এস এম ফয়সাল চিশতী প্রমুখ।
এআই





