বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে দলের দুই মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তারা জিয়ার মাজারে আসেন। এ সময় মেয়র প্রার্থীদের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেলসহ অসংখ্য নেতাকর্মী।
এরপর ঢাকা দক্ষিণ সিটির বিএনপি প্রার্থী ইশরাক হোসেন গণমাধ্যমে বলেন, আমরা সকল কিছু মোকাবেলার জন্য প্রস্তুত আছি। আমাদের ওপর হামলা আগেও হয়েছে এখনও হচ্ছে; কোনটারই বিচার হয় না।
ভোটের পরিবেশে অসন্তুষ্টি প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণে বিএনপির ‘নির্বাচন পরিচালনা কমিটি’র আহ্বায়ক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, প্রার্থীদের ওপর হামলা করছে সরকারি দলের প্রার্থীরা। ইসি সরকার নিরব। কাউন্সিলর প্রার্থীদের হামলা করছে। সব জেনে গণতন্ত্রের জন্য ভোটে এসেছি। পরিবেশ নেই। জনগণ ভোট দিতে পারলে আমরা বিজয়ী হবো। জনগণকে ভোট দেয়ার ব্যবস্থা করুন। জনগণকে আহ্বান জানাই, পরিবর্তনের স্বার্থে ভোট দিতে কেন্দ্রে আসবেন। মানুষকে রক্ষা করতে ভোট দিতে আসুন। পরিবর্তন করুন। এরপর দিনের প্রচারণা শুরু করেন প্রার্থীরা।
এএস





