রোববার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে অনুষ্ঠিত শান্তিপূর্ণ মানববন্ধনে হামলা ও গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দেয়া বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে নূরুল ইসলাম বুলবুল বলেন, আজ ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত আজকের শান্তিপূর্ণ মানববন্ধনে হামলা ও গুলিবর্ষণ করে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানবাধিকারকেই চরমভাবে ভূলুণ্ঠিত করেছে। শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের অতর্কিত হামলা, গুলিবর্ষণ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় সচেতন মহলসহ দেশবাসী হতবাক ও বিস্মিত হয়েছে। আমি এই ন্যাক্কারজনক হামলা ও ছয়জনকে গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।
তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক রাজনৈতিক সংগঠন। বাংলাদেশের সংবিধান আমাদের সভা-সমাবেশের অধিকার দিয়েছে অথচ আওয়ামী সরকার দীর্ঘ দেড় যুগ ধরে জামায়াতে ইসলামীর ওপর দমন-পীড়ন চালাচ্ছে। আমাদের অফিস গুলোকে বন্ধ করে রেখেছে, রাজপথের শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচি গুলোও পালন করতে দিচ্ছে না।
রাষ্ট্রীয় পুলিশ বাহিনীকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করে প্রতিনিয়ত হামলা চালাচ্ছে। রাজধানী জুড়ে জামায়াতের নেতা-কর্মীদের বাড়ি-ঘর ও কর্মস্থলে তল্লাশি চালিয়ে হয়রানি ও নির্যাতন করছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, হামলা চালিয়ে, গ্রেফতার করে, জুলুম-নির্যাতন ও দমন-পীড়ন চালিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে স্তব্ধ করা যাবে না।
তিনি আরো বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় নাগরিকগণ নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে সরকারের সমালোচনা করবে এটাই স্বাভাবিক। অবৈধভাবে ক্ষমতা দখলকারী আওয়ামী সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না, ফলে তারা গ্রেফতার ও নির্যাতন চালিয়ে প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করে দিতে চায়।
এই ফ্যাসিস্ট সরকারের প্রতি জনগণের আর কোনো আস্থা নেই, তারা আর এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। ফলে এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে দেশের জনগণ আজ জেগে উঠেছে।
আমরা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সরকারের অন্যায় তাবেদারির পরিবর্তে দেশ ও জনগণের পক্ষে ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। একইসাথে সরকারের জুলুম-নির্যাতন, গ্রেফতার এবং অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে চলমান গণআন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য আমি ঢাকাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
প্রেস বিজ্ঞপ্তি





