দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান অবিলম্বে খুলে দেয়ার জন্য দাবি জানিয়েছে ১২ ছাত্র সংগঠন। মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান ছাত্র সংগঠনগুলোর নেতারা।

বিবৃতিতে তারা বলেন, করোনায় দেশের শিক্ষাব্যবস্থার প্রতি সরকারের অবহেলা ও উদাসীনতায় জাতি গভীরভাবে উদ্বিগ্ন। এ অবস্থা অব্যাহত থাকায় শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত এবং মানসিকভাবে বিপর্যস্ত। সরকার ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রশাসনের কাণ্ডজ্ঞানহীন সিদ্ধান্ত শুধু শিক্ষার্থীদের নয়, বরং পুরো দেশবাসীকে বিক্ষুব্ধ করে তুলেছে।

বিবৃতিতে বলা হয়, দেশের অফিস-আদালত, ব্যবসা-বাণিজ্য, দোকান, বাজার, মার্কেট, যানবাহনসহ সবকিছু স্বাভাবিকভাবে চললেও শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ঢাকঢোল পিটিয়ে ভার্চুয়াল ক্লাসের কথা বলা হলেও কাজের কাজ কিছুই হয়নি। করোনা পরিস্থিতিতে সরকার বিভিন্ন খাতে হাজার হাজার কোটি টাকা প্রণোদনা দিলেও আগামীর দেশ গড়ার কারিগর শিক্ষার্থীদের অবস্থাকে চতুরতার সাথে এড়িয়ে যাচ্ছে।

বিবৃতিতে জানানো হয়, করোনাকালে শিক্ষার্থীরা মানবেতর জীবন যাপন করলেও তাদের প্রতি লক্ষ্য করা হচ্ছে না। অন্যদিকে অতিরিক্ত হারে সেশন ফি-সহ অন্যান্য ফি-জরিমানা, বেতন বহাল রাখা হয়েছে। সরকার ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনের সার্বিক দায়িত্বহীন আচরণে মনে হচ্ছে শিক্ষার্থীদের প্রতি তাদের নূন্যতম কোনো দায়বদ্ধতা নেই। এটি কোনো সভ্য দেশের
চিত্র হতে পারে না।

বিবৃতিতে নেতারা বলেন, দীর্ঘ সময় স্কুল-কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীদের ওপর বিরূপ
প্রভাব পড়ছে। শিক্ষার্থীরা পড়াশুনায় মনোযোগ ও আগ্রহ হারাচ্ছে। অন্যদিকে শিশু-কিশোরদের মোবাইল এবং ইন্টানেটের প্রতি আসক্তি বাড়ছে এবং তরুণ-যুবকরা অহেতুক অতিরিক্ত সময় ইন্টারনেটে কাটাচ্ছে। এতে করে অনেকের আচরণগত সমস্যা হচ্ছে। শিক্ষার্থীদের মানসিক ও মেধার বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।

ছাত্রনেতারা বিবৃতিতে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় উচ্চ শিক্ষিত বেকার শিক্ষার্থীদের বিরাট অংশ চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছেন না। অনেকের বয়সও শেষ হয়ে গেছে। ফলে তাদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। যার ফলে নৈতিক অবক্ষয়সহ দেশ নানামুখী সংকটের দিকে ধাবিত হচ্ছে। যা অভিভাবকদের জন্য সীমাহীন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

১২ ছাত্র সংগঠনের নেতারা যৌথ বিবৃতিতে বলেন, 'এ অবস্থায় আমরা সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বলতে চাই, সরকারকে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান ও হল খুলে দিতে প্রয়োজনে অর্থ বরাদ্দ করে বিশেষ ব্যবস্থা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। চাকুরিতে প্রবেশে বয়সের সময় বৃদ্ধি করতে হবে। অন্যথায় শিক্ষার্থীদের প্রতি এমন দায়িত্বহীন আচরণ অব্যাহত রাখলে সারাদেশে শিক্ষার্থীদের ক্ষোভের বিস্ফোরণ ঘটবে। আর তখন কোনো অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি হলে তার দায়ভার সরকারকেই বহন করতে
হবে।'

বিবৃতি প্রদানকারী ছাত্রনেতৃবৃন্দ হচ্ছেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী, জাতীয় ছাত্রসমাজের (কাজী জাফর) সভাপতি কাজী ফয়েজ আহমেদ, জাগপা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকী, বাংলাদেশ ছাত্র মিশনের (ইরান) সভাপতি সৈয়দ মুহাম্মদ মিলন, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ মনির হোসাইন, বাংলাদেশ খেলাফত ছাত্র
আন্দোলনের সভাপতি জাকির বিল্লাহ, ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি সুহাইল আহমদ, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের সভাপতি জাবের হোসাইন, ইসলামী ছাত্র খেলাফতের সভাপতি বাংলাদেশ আবুল হাসিম শাহী, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সভাপতি তারেক
বিন হাবিব, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি সৈয়দ মো: মহসিন, জাতীয় ছাত্র পার্টির সভাপতি সোহেল রানা।-বিজ্ঞপ্তি

এমআর