তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, প্রবীণরা তাদের অভিজ্ঞতা ও জ্ঞানের জন্য সমাজের সম্পদব্যক্তি। পরিবারের পাশাপাশি রাষ্ট্রীয়ভাবেও তাদের সুখ-দুঃখে দেখভাল করতে হবে। এটি যেমন সমাজের দায়িত্ব, তেমনি রাষ্ট্রেরও।

রোববার বিকালে জাতীয় প্রেস ক্লাবে প্রবীণ হাসপাতাল লটারি-২০১৫’র উদ্বোধনের সময় মন্ত্রী এসব কথা বলেন। এসময় তিনি লটারির টিকেট কিনে প্রবীণদের জন্য ভূমিকা রাখতে সকলকে উৎসাহিত করেন।

ইনু বলেন, দুস্থদের জন্য আরো সরকারি বরাদ্দ এবং বয়স্কদের বিনোদন, স্বাস্থ্যসেবা ও সুবাসস্থান প্রয়োজন। সেই সাথে সরকারি বরাদ্দের বাইরে প্রবীণদের জন্য বেসরকারি উদ্যোগেরও প্রয়োজন আছে।

প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি প্রকৌশলী মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংঘের মহাসচিব অধ্যাপক ড. এএসএম আতীকুর রহমান, সদস্য সচিব মো. মিজানুর রহমান, লটারির আহবায়ক জিএনআর আবুল বাশার প্রমুখ।

উল্লেখ্য, ১৯৬০ সালে চিকিৎসাবিদ অধ্যক্ষ ডা. একেএম আবদুল ওয়াহেদ ঢাকায় ‘বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান’গড়ে তোলেন। এর উদ্যোগে সরকারি-বেসরকারি সহযোগিতায় আগারগাঁওয়ে প্রতিষ্ঠা হয়েছে ৫০শয্যার প্রবীণ নিবাস।

প্রবীণ হাসপাতালে যাওয়া শতকরা ৩০ ভাগ গরিব, অসহায় ও দুস্থ প্রবীণকে বিনা খরচে এবং সংঘের সদস্য রোগীদের অর্ধেক খরচে চিকিৎসা দেয়া হয়। এছাড়া সব শ্রেণীর প্রবীণদের জন্য নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে প্রতিষ্ঠানটি।

আগামী ২৪ সেপ্টেম্বর প্রবীণদের স্বাস্থ্যসেবা সম্প্রসারণে সহায়ক ২০ টাকা মূল্যের এ লটারির ড্র হবার কথা।

এআর