মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী বেগম মেহের আফরোজ বলেছেন, এ পর্যন্ত ১২ হাজার ৭৫০ জন প্রান্তিক মহিলাকে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
তিনি বুধবার সংসদে সরকারি দলের কামরুল আশরাফ খানের এক প্রশ্নের জবাবে আরও বলেন, নগর ভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন প্রকল্পের মাধ্যমে শহরাঞ্চলে বসবাসরত প্রায় ৩২০ জন প্রান্তিক মহিলা উদ্যোক্তা হিসেবে গড়ে উঠেছে।
এই প্রকল্পের আওতায় কুটির শিল্প, মাঝারি শিল্পে ব্যাপকভাবে নারী উদ্যোক্তা উৎসাহীকরণের লক্ষ্যে ২৫টি জেলায় ৪৬টি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে ১০টি বিভিন্ন ট্রেডে ২৫ হাজার ৭২০ জন অনগ্রসর প্রান্তিক মহিলাকে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, দেশের সুবিধাবঞ্চিত নারীদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নের লক্ষ্যে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন (দ্বিতীয় পর্যায়ে) শীর্ষক প্রকল্পের আওতায় ছয়টি বিভাগীয় শহরে পাঁচ হাজার ৫০০ জন বেকার মহিলাকে এবং দুই হাজার ২০০ নারী উদ্যোক্তাকে বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে।
এছাড়া এ প্রকল্পের আওতায় এ পর্যন্ত ছয় হাজার ৩০ জন মহিলাকে প্রশিক্ষণ প্রদান এবং ৭৪০ জন মহিলা উদ্যোক্তা হিসেবে গড়ে উঠেছে।
[b]ঢাকা, ৪ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]