দলীয় নেতাকর্মীদের চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে উঠে দেশের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী নিজের সবকিছু আত্মত্যাগ করে দেশ ও জাতির নিবেদিত প্রাণ হবে আর সততার সঙ্গে এই সংগঠনকে শক্তিশালী করবে।’

আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দলটির এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী এ কথা করেন।

শেখ হাসিনা বলেন, ‘দেশের প্রতিটি অর্জনই এসেছে আওয়ামী লীগের হাত ধরে। এর বাইরে যারা ক্ষমতায় ছিল তারা বাংলাদেশকে শুধু শোষণ করেছে।’

আওয়ামী লীগকে বারবার ধ্বংসের চেষ্টা করা হয়েছে এমন অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগকে ধ্বংসের চেষ্টা তো সবাই করেছে।

ইসকেন্দার মির্জা থেকে শুরু করে আইয়ুব খান এরপর জিয়াউর রহমান, এরপর এরশাদ, এরপর খালেদা জিয়া।

কে না করেছে।’ সেই সঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগের ওপর যত আঘাত এসেছে তত উজ্বল থেকে উজ্বলতর হয়েছে সংগঠন।’

এ সময় শেখ হাসিনা বিএনপির রাজনীতির সমালোচনা করে বলেন, ‘সংগ্রাম করে করেই কিন্তু আওয়ামী লীগ এগিয়ে আছে। চার চারটে ডিকটেটরের বিরুদ্ধে সংগ্রাম করতে হয়েছে।

রোজার মাসে যিনি (খালেদা জিয়া) ইফতার পার্টিতে বসে অজস্র মিথ্যা কথা বলে যাচ্ছেন, তিনি যখন বাঙ্গালির ভোটের অধিকার কেড়ে নিয়েছিলেন তখনো কিন্তু আওয়ামী লীগ সংগ্রাম করেছিল আন্দোলন করে তাঁকে ক্ষমতা থেকে হটিয়ে বাংলাদেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিল।’

এসএম