নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে থাকা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে জ্ঞানপাপী আখ্যায়িত করে তার মুখোশ উন্মোচনের হুমকি দিয়েছেন সাবেক মন্ত্রী শাজাহান খান।

রোববার নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে ঢাকা জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে ড্রাইভার্স ট্রেনিং সেন্টারে (ডিটিসি) এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন শাজাহান খান।

ইলিয়াস কাঞ্চনকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনি যে বিদেশিদের কাছ থেকে নিরাপদ সড়ক চাই এনজিওর নামে কোটি কোটি টাকা নিয়ে আসছেন। আপনি কয়টি প্রতিষ্ঠান করেছেন, কয়েকটি স্কুল করেছেন, কয়জন মানুষকে ট্রেনিং দিয়েছেন- আমি তার তথ্য বের করতেছি।

“ইলিয়াস কাঞ্চন কোথা থেকে কত টাকা পান, কী উদ্দেশ্যে পান, সেখান থেকে কত টাকা নিজে নেন, পুত্রের নামে নেন, পুত্রবধূর নামে লক্ষ লক্ষ টাকা নেন সেই হিসেব আমি জনসম্মুখে তুলে ধরব।”

১৯৯৩ সালে এক সড়ক দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যুর পর নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু করেন ইলিয়াস কাঞ্চন। তিনি গড়ে তোলেন ‘নিরাপদ সড়ক চাই’ নামের সংগঠন। সড়ক নিরাপদ করতে বিভিন্ন দাবি-দাওয়া উত্থাপন, সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি বছরে সড়কে মৃত্যুর পরিসংখ্যান এবং তাতে কার কী দায় সে বিষয়ে আলোকপাতের পাশাপাশি সুড়ক রোধে সুপারিশ দিয়ে থাকে তারা।

এমএম