ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার বলেছেন,স্বাধীনতার চার দশক পেরিয়ে গেলেও বাংলাদেশের মানুষ সত্যিকার স্বাধীনতার স্বাদ পায়নি। এখনও পূরণ হয়নি মুক্তিযোদ্ধাদের স্বপ্ন। কিন্তু এ দেশের মানুষ এখনো আশাবাদী। যে ছাত্ররা নানা প্রতিকূলতা মাড়িয়ে পরীক্ষায় ভাল ফল লাভ করছে, সেই অদম্য মেধাবীদের নিয়েই স্বপ্ন দেখে বাংলাদেশ।
সোমবার সকালে চট্রগ্রামে অনুষ্ঠিত ওই অঞ্চলের অদম্য মেধাবী সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নানা ধরণের প্রতিবন্ধকতা সত্ত্বেও যারা এসএসসি ও দাখিলে জিপিএ ৫ পেয়েছে, তাদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক শাহীন আহমদ খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় মাদরাসা কার্যক্রম সম্পাদক মো. মহিউদ্দিন।
শিবির সভাপতি বলেন, আজ যারা ভালো ফল লাভের মাধ্যমে নিজেদের যোগ্যতার প্রমান করেছে, তাদের জন্য আমাদেরকেও এগিয়ে আসতে হবে। তাদের চলার পথকে আরেকটু সহজ করে দিতে পারলে তারা নিজস্ব আঙ্গিনায় প্রতিভার শতভাগ স্বাক্ষর রাখতে পারবে।
তিনি বলেন, এইসব মেধাবীদের মেধা চর্চার পাশাপাশি নৈতিকতা চর্চার বিষয়টিও নিশ্চিত করতে হবে। আমরা একইসাথে প্রত্যেককে ছাত্র ও মানুষ হিসেবে ভালো দেখতে চাই। নৈতিকতার মানদণ্ডে নিজেদের আরও শক্তিশালী করতে এই পবিত্র রমযান মাসকে কাজে লাগাতে হবে।
আবদুল জব্বার সমবেত মেধাবী ছাত্রদের উদ্দেশ্যে বলেন, তোমরা নিজেদের ক্যারিয়ার গঠনের জন্য পরিকল্পিত পথে অগ্রসর হও। বাংলাদেশের প্রয়োজনকে সামনে রেখে তোমাদের নিজেদেরকে তৈরি করতে হবে।
যেখানে বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী চার দশকে অনেকটা পথ পাড়ি দেয়ার কথা ছিল, সেখানে এখনো আমরা দূর্নীতি, সন্ত্রাসের অন্ধকারেই বসবাস করছি। এর থেকে বেরিয়ে বাংলাদেশকে কাংখিত লক্ষে এগিয়ে নিতে তোমাদের প্রস্তুত হতে হবে। ছাত্রশিবির তোমাদের চলাপথে সবসময়ই পাশে থাকবে।
অনুষ্ঠানে জিপিএ ৫ প্রাপ্ত অদম্য মেধাবীদের সংবর্ধনা স্বরুপ ক্রেষ্ট প্রদানের পাশাপাশি নগদ অর্থ ও একাডেমিক বই প্রদান করা হয়। ছাত্রশিবির প্রতিবছরই কেন্দ্র থেকে শুরু করে অঞ্চল, শাখা ও বিভিন্ন পর্যায়ে অদম্য মেধাবী সংবর্ধনার আয়োজন করে আসছে।
ঢাকা, ৩০ জুন (টাইমনিউজবিডি.কম) // এআর





