ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে `ব্যাপক কারচুপি` করে বিএনপির বিজয় ছিনিয়ে নেওয়া হচ্ছে অভিযোগ করে পরবর্তী ধাপের নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিতে দলটির নীতি-নির্ধারকদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন।
জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে শুক্রবার দুপুরে ‘বাংলাদেশ গণতান্ত্রিক সংসদ’ আয়োজিত এক নাগরিক সভায় এ আহ্বান জানান তিনি।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে এ সভার আয়োজন করা হয়।
শাহ মোয়াজ্জেম বলেন, ‘ইউপি নির্বাচনে ভোট ভাগাভাগি, কাটাকাটি-রাহাজানি, ছিনতাই, সন্ত্রাস-কী না হয়েছে? পুলিশ, প্রিজাইডিং অফিসার, আওয়ামী লীগের প্রার্থীর এজেন্ট, নির্বাচনী কর্মকর্তা-সবাই মিলে নৌকায় ভোট দিয়েছে। এটি ভোট না বোট (নৌকা)।’
তিনি বলেন, ‘এই সরকার ও ইসির অধীনে আর কোনো ভোট নয়। পরবর্তী ধাপগুলোর নির্বাচন ঘৃণাভরে প্রত্যাখ্যান করতে হবে, বর্জন করতে হবে-এটিই হওয়া উচিত।’
নির্বাচনে সহিংসতার জন্য ইসিকে দায়ী করে অবিলম্বে তাদের পদত্যাগ দাবি করেন বিএনপির এই নেতা।
এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ এবং অন্য কমিশনারদেরও বিচার দাবি করেন তিনি।
নেতা-কর্মীদের উদ্দেশে শাহ মোয়াজ্জেম বলেন, ‘জাতি যদি কোনদিন আন্দোলন করে নিজেদের অধিকার আদায় এবং গণতন্ত্র ফিরিয়ে আনতে পারে, তাহলে সেদিন এ দেশে নির্বাচন হবে।`
আয়োজক সংগঠনের সভাপতি চৌধুরী রাজীব হাসান রিপনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ, ফরিদা ইয়াসমিন, শহিদুন্নবী ডাবলু প্রমুখ।
এআইজে





