‘গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে দমন করার জন্য 'অবৈধ' সরকার এবং তার সুবিধাভোগী প্রশাসন মরিয়া হয়ে উঠেছে বলে দাবি করেছে’- জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান বলেন, ‘অহিংস আন্দোলনকে সহিংস রূপ দেওয়ার জন্য এবং দেশজুড়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে ছাত্রলীগকে দিয়ে পেট্রোল বোমা হামলা চালানো আর নাশকতার মাধ্যমে নিরীহ মানুষ হত্যার উৎসবে মেতে উঠেছে সরকার।
তারা বলেন, সবকিছুর যেমন শেষ আছে, তেমনি এ নৃশংসতারও শেষ আছে। গণতন্ত্রকামী জনতার জয় সুনিশ্চিত।’ সময় নষ্ট না করে অবিলম্বে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করার আহ্বান জানান এ দুই ছাত্রনেতা।

রাজিব আহসান ও মো. আকরামুল হাসান অভিযোগ করেন- বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী ছাত্রদলের নেতা-কর্মী ও তাদের আত্মীয়স্বজনদের গ্রেফতার করা হচ্ছে। তারা এসবের তীব্র নিন্দা জানান।

তারা বলেন, ‘পতন আসন্ন বুঝতে পেরে সরকার ছাত্রদল নেতাদের নির্বিচারে গ্রেফতার এবং তাদের অনুপস্থিতিতে ছাত্রদল নেতাদের মা-বাবা, ভাই-বোন এবং আত্বীয়-স্বজনদের গ্রেফতার করছে।’

ছাত্রদলের এ দুই নেতা বলেন,‘ এই সরকার এবং তার পেটোয়া বাহিনীর কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে, অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর ইয়াহিয়ার প্রেতাত্মা ভর করেছে। বর্তমানে দেশে গণতন্ত্রকামী জনতার ওপর ’৭১ এর কায়দায় দমন-পীড়ন চালানো হচ্ছে।’

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা রাজু আহমেদকে গ্রেফতারের ঘটনায় নিন্দা জানান ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক।

জেএ