গণ-মানুষের অধিকার এবং দেশ ও জাতির স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকতে দলীয় নেতাকর্মী ও দেশপ্রেমিক জনতার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

রোববার দুপুরে নয়াপল্টনস্থ যাদু মিয়া মিলনায়তনে ‘ন্যাপ-এর ঐতিহ্য-সংগ্রাম-অহংকারের ৫৮তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর আয়োজিত আলোচনা সভায়  তিনি এ আহবান জানান।

গোলাম মোস্তফা বলেন, দেশ ও জাতির গণতান্ত্রিক অধিকার হরণের পাশাপাশি দেশের জাতীয় স্বার্থ বিলিয়ে দেয়ার প্রতিযোগিতা চলছে। সম্প্রতি আমাদের পার্শবর্তী বন্ধুরাষ্ট্র ভারত আন্তঃনদী সংযোগ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহন করেছে। এর পূর্বে স্বাধীনতার পরপরই পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর করা হলেও এখন তা তারা তা স্থায়ী করে নিয়েছে। ফলে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ৬ কোটি মানুষকে এর খেসারত দিতে হচ্ছে।

তিনি বলেন, ভারতের অব্যাহত পানি আগ্রাসনের কারণে বাংলাদেশে পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে। আর এখন আন্তঃনদী সংযোগ প্রকল্প চালু হলে বাংলাদেশ পরিপূর্ণভাবে মরুভূমিতে পরিণত হবে। এই পানি আগ্রাসন জনগণের বাঁচা-মরার সাথে সম্পর্কিত হলেও ভারতের তাবেদার এ সরকারের কোন উদ্যোগ নেই। এই নিরবতা দেশের ধ্বংসের সম্মতি ছাড়া অন্য কিছুই নয়। মজলুম জননেতা মওলানা ভাসানীর অনুসারীরা দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ।

এনডিপি ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা বলেছেন, দেশের মানুষ দুঃশাসন থেকে মুক্তি চায়। সারা দেশে এক দুর্বিসহ অবস্থা বিরাজ করছে। প্রতিদিন মানুষ খুন হচ্ছে- নারী-শিশু কেউ রেহাই পাচ্ছেনা। দেশে বিরাজমান অস্বাভাবিক পরিস্থিতি থেকে মানুষ এখন পরিত্রাণ চায়।

নগর আহ্বায়ক সৈয়দ শাহজাহান সাজুর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, ন্যাপ যুগ্ম মহাসচিব স্বপন কুমার সাহা, নগর সদস্য সচিব মোঃ শহীদুননবী ডাবলু, যুগ্ম আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন, সোলায়মান সোহেল, আবদুল্লাহ আল-মাসুম প্রমুখ।

এমএইচ