আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচনের ব্যাপারে আমরা কোনো আবদার শুনবো না। জনগণের প্রতি যদি আস্থা না থাকে তাহলে কেন রাজনীতি করেন? কেউ যদি দেশের জনগণের প্রতি আস্থা না রাখে তাহলে সে দোষতো আমাদের নয়। নির্বাচনে কে এলো, কে এলো না, এটা কোনো ব্যাপার না। সংবিধান অনুযায়ী যথাসময়ে শেখ হাসিনার অধিনেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
মোহাম্মদ নাসিম আজ রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে হোমিপ্যাথিক শিক্ষক ও চিকিৎসকদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
শ্লোগানের রাজনীতি বন্ধ করে জনগণের সেবা করার জন্য ডাক্তারদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, ‘দায়িত্ব পালন না করে শুধু রাজনীতি করবেন, জয়বাংলা স্লোগান দিবেন তা হবে না। যার যা দায়িত্ব তা সঠিক ভাবে পালন করতে হবে। শুধু শ্লোগান দিলে চলবে না।’
তিনি বলেন, যারা নির্বাচনে অংশ গ্রহণ না করে জ্বালাও পোড়াও করে মানুষ হত্যা করে তারাই এখন গণতন্ত্রের কথা বলে। মানুষ হত্যাকারিদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। গণতন্ত্র ছাড়া কোনো দেশ চলতে পারে না। এখন গণতন্ত্র আছে বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।
ভুয়া ক্লিনিক ও ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চটকদার বিজ্ঞাপন নিয়ে যারা ভেজাল ওষুধ বিক্রি করছে তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধী গড়ে তুলতে হবে। ভেজাল ওষুধ বিক্রি বন্ধ করতে হবে।
সমাবেশে হোমিপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ রায়ের সভাপতিত্বে সভায় ঢাকা মাহনগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বক্তব্য রাখেন।
এমই





