আগামী নির্বাচন নিয়েও বিএনপির সাথে কোন সংলাপ হবে না জানিয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.হাছান মাহমুদ বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন নির্বাচন কমিশনের অধীনেই বিএনপিকে নির্বাচনে অংশ গ্রহণ করতে হবে।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যারা মানুষ পুড়িয়ে হত্যা করে, ধ্বংসাত্নক রাজনীতিতে বিশ্বাসী তাদের সাথে নির্বাচন নিয়ে কোন সংলাপ হবে না। বিএনপি এখন সংলাপে বসতে চাইছে। কিন্তু আওয়ামী লীগ পোড়া লাশের উপর দিয়ে সংলাপে যাবে না।

বাংলাদেশের সংবিধান অনুসায়ী নির্বাচন হবে জানিয়ে তিনি বলেন, সংলাপ নয়, পরবর্তী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপি জাতীয়তাবাদী নয় জালিয়াতি দলে রুপান্তরিত হয়েছে। কারণ তারা একের পর এক বিদেশী হেবিওয়েট পার্সনদের নামে জালিয়াতি বক্তব্য প্রচার করছে।

বিএনপির রাজনীতি হচ্ছে ভারত বিরোধী। তারা মুজিব-ইন্দারা চুক্তিকে গোলামি চুক্তি বলে অভিহিত করেছিল। কিন্তু চুক্তি পাশ হওয়ার পর মোদিকে অভিনন্দন জানিয়েছে। চুক্তি নিয়ে এতোদিন বিএনপি যে মিথ্যাচার করেছে তার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত।

সংগঠনের সভাপতি এডভোকেট আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম এ করিম, সংগঠনটির নির্বাহী সদস্য এড. রফিকুল ইসলাম প্রমুখ।

এমএ/এমকে