রাজধানী ঢাকার প্রতিটি ওয়ার্ড ও মহল্লাসহ সারাদেশে বেলা ২টায় শুরু হবে পূর্ব ঘোষিত বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোটের কালো পতাকা মিছিল।
বুধবার সকালে বিএনপির সহদফতর সম্পাদক আব্দুল লতিফ জনি এ খবর নিশ্চিত করেন।
তিনি বলেন, আমরা বেলা ২টা পর্যন্ত ঢাকা মেট্রোপলিন পুলিশের (ডিএমপি) অনুমতির অপেক্ষা করবো। যদি আমাদের ২টার মধ্যে অনুমতি না দেওয়া হয় তাহলে যথা সময়ে ঢাকার প্রতিটি ওয়ার্ড ও মহল্লাসহ সারাদেশে একযোগে কালো পাতাকা মিছিল কর্মসূচি পালন করা হবে। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আমরা কর্মসূচির জন্য আবেদনে দুইটি স্পট উল্লেখ করেছি তা হলো সোহরায়ার্দী উদ্যান অথবা নয়াপল্টন।
গত বুধবার ডিএমপি কমিশনার বেনজীর আহমেদের কাছে কালো পতাকা মিছিল কর্মসূচির অনুমতি চেয়ে আবেদন করে বিএনপি।
গণতন্ত্র হত্যা ও ভোটাধিকার হরণের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভের পাশাপাশি রাজধানীসহ সারাদেশে কালো পতাকা মিছিলের ডাক দেয় বিরোধী জোট।
[b]ঢাকা, ২৯ জানুয়ারি (টাইম নিউজ বিডি.কম)//এএইচ/এফএ[/b]