বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালুকে আটক করেছে পুলিশ।
খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে রোববার রাত পৌনে ৮টার দিকে তাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য মোসাদ্দেক আলী ফালুকে রাজধানীর মিন্টো রোডস্থ মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে আনা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে খালেদার কার্যালয়ে প্রবেশ করেন বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা। প্রায় দেড় ঘণ্টা সেখানে অবস্থানের পর রাত ৭টা ৫২ মিনিটে তিনি বের হয়ে আসেন। তবে ফালু বের হওয়ার আগেই কার্যালয়ের ফটকে তার এনটিভির লোগো লাগানো ল্যান্ডরোভার গাড়িটি এনে রাখা হয়।
এরপর ফালু কার্যালয় থেকে বের হয়েই গাড়িতে ওঠেন। আর দরজা আটকানোর ঠিক আগেই ডিবি সদস্যরা তার গাড়ির সামনে হাজির হন। এরপর তাকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি ফালু সাহেব? আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে।’ তখন ফালু হেসে ওঠে বলেন, ‘আমাকে যেতে হবে?’ প্রত্যুত্তরে ডিবি সদস্যরা বলেন, ‘জ্বি, আপনাকেই যেতে হবে’।
এরপর এক ডিবি সদস্য ফালুর গাড়িটিতে তার পাশে উঠে পড়েন, তার ড্রাইভারের পাশে উঠে বসেন গুলশান থানার এক উপ-পুলিশ পরিদর্শক (এসআই)। ডিবি ও পুলিশ সদস্য দু’জন ফালুর গাড়িতে চড়ে বসার পরই গাড়িটি টান দেওয়া হয়। ওই গাড়ির পিছু পিছু যেতে থাকে পুলিশ ও ডিবির অন্য গাড়িগুলোও।
জেএ, কেবি





