আওয়ামী লীগ সরকার রাজনৈতিক স্বার্থে রোহিঙ্গা সংকট জিইয়ে রাখতে চাইছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শনিবার (৩১ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এই দাবি করেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বুঝতে হবে রোহিঙ্গারা যেতে চায় না কেন? রোহিঙ্গারা গেলে সেখানে আপনি (সরকার) কোনো রাজনৈতিক পুঁজি ব্যবহার করতে পারবেন না। এই ভয় থেকে তাদের স্থায়ীভাবে এখানে রেখে জাতীয় সংকট সৃষ্টি করতে চান।

রোহিঙ্গাদের সমাবেশের কথা তুলে ধরে তিনি বলেন, রোহিঙ্গাদের ইন্ধন দিচ্ছে স্বয়ং সরকার। যদি ইন্ধন না দেয়, তাহলে তারা লাখ লাখ লোক সমবেত হয়ে সমাবেশ করে কীভাবে? তারা মিছিল করে কীভাবে?

গয়েশ্বর বলেন, রোহিঙ্গা সমস্যাটা জাতীয় সমস্য। এটা সমাধানের ক্ষেত্রে একটা কালেকটিভ লিডারশিপ দরকার।

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম ’৭১-এর চতুর্দশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খালেদা জিয়ার মুক্তি দাবিতে এই আলোচনা অনুষ্ঠানে জাতীয় পার্টির (কাজী জাফর) আহসান হাবিব লিংকন, বিএনপির আবদুস সালাম আজাদ, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, কৃষক দলের খলিলুর রহমান, মৎস্যজীবী দলের রফিক উল্লাহ ভূঁইয়া, সংগঠনের সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপন ও সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া বক্তব্য রাখেন।

এমবি