চ্যানেল আই’র জনপ্রিয় ইসলামী অনুষ্ঠান কাফেলা ও শান্তির পথের উপস্থাপক মাওলানা নূরুল ইসলাম ফারুকী ২৭ আগস্ট রাতে তার নিজ বাসায় দুর্বৃত্তদের হাতে নৃশংসভাবে নিহত হওয়ার মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমান বলেন, এ ঘটনাই প্রমাণ করে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির কি সাংঘাতিক অবনতি ঘটেছে। দেশে আজ কারো জানমালের নিরাপত্তা নেই। জনগণের জানমালের নিরাপত্তা বিধানে বর্তমান সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
মাওলানা নূরুল ইসলাম ফারুকী নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে ঐ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তিনি।
বিবৃতিতে তিনি বলেন, মাওলানা নূরুল ইসলাম ফারুকী নৃশংসভাবে নিহত হওয়ার পর পরই একটি বিশেষ মহল ঐ ঘটনার সাথে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা বক্তব্য প্রদান করতে শুরু করেছে।
যারা এ মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে তারা মাওলানা নূরুল ইসলাম ফারুকীর প্রকৃত খুনীদের আড়াল করতে চায় বলে অভিযোগ করেন তিনি।
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে জামায়াত ও শিবিরকে দায়ী করে মিথ্যা বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য তিনি সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান।
দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমান, মাওলানা নূরুল ইসলাম ফারুকীর রূহের মাগফিরাত কামনা করে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





