জাতীয় ঐক্যফ্রন্টের চেয়ারম্যান ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন,‘আজ আমি অনেক সৌভাগ্যবান। আমার আর কোনো চিন্তা নেই।’ জাতীয় ঐক্যফ্রন্টে যোগদানের ঘোষণা শেষে দুপুরে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী মতিঝিলে ড. কামালের সাথে দেখা ও শুভেচ্ছা বিনিময় করতে গেলে ড. কামাল হোসেন এই মন্তব্য করেন।
বঙ্গবীর কাদের সিদ্দিকীকে সামনে রেখে ড. কামাল হোসেন আরো বলেন,‘এমন একজন বীর মুক্তিযোদ্ধা জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিয়েছেন, ঝুঁকি নিয়েছেন। এখন আমার আর কোনো চিন্তা নেই। বঙ্গবীর কাদের সিদ্দিকী জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেয়ায় আমরা খুবই গর্বিত।’
ড. কামাল হোসেন আরো বলেন,‘আমি এখন অবসরে চলে গেলেও আমার আর কোনো অতৃপ্তি থাকবে না।’
এর আগে জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেয়ার ঘোষণা দেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। আজ সোমবার দুপুরে মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। পাশাপাশি জাতীয় ঐক্যফ্রন্টের চেয়াম্যান ড. কামাল হোসেনের সাথেও একাত্মতা প্রকাশ করেন তিনি।
এদিকে কাদের সিদ্দিকীকে উদ্দেশ্য করে সংবাদ সম্মেলনে উপস্থিত জেএসডি’র সভাপতি আ স ম আব্দুর রব বলেন,‘আমরা দুই ভাই লড়াইয়ে জিতবো।’
সংবাদ সম্মেলনস্থলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু ও মোহাম্মদ শাহজাহান এবং জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব। পাশাপাশি গণফোরাম নেতা মোস্তফা মহসীন মন্টু, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মফিজুল ইসলাম কামাল ও সুলতান মোহাম্মদ মনসুর আহমেদও বঙ্গবীর কাদের সিদ্দিকীর সাংবাদিক সম্মেলনস্থলে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনস্থলে বিএনপি, গণফোরামসহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা উপস্থিত হওয়ায় আগেই ধারণা করা হয়েছিল যে, আজকের সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেয়ার কথা বলবেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
এদিকে বঙ্গবীরের সাংবাদিক সম্মেলন উপলক্ষে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মী ও উৎসুক জনতা ভিড় করেন। একপর্যায়ে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই জল্পনা-কল্পনা চলছে কি করছেন বঙ্গবীর? ভবিষ্যতেও বা কি করতে যাচ্ছেন? তবে একটা নিশ্চিত খবর ছিল তিনি গত শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জেল হত্যা দিবসের আলোচনায় তিনি তার রাজনৈতিক অবস্থান জানাবেন। এবং ড. কামাল হোসেনের হাত ধরে জাতীয় ঐক্যফ্রন্টেই যোগ দিচ্ছেন।
ঐদিন অধীর আগ্রহে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাসহ বিভিন্ন স্তরের কর্মী জনগণ অধীর আগ্রহভরে অপেক্ষা করছিলেন। প্রায় পৌনে একঘন্টা বক্তব্যে একপর্যায়ে বঙ্গবীর জানালেন তিনি ঐদিন যোগ দিচ্ছেন না- চান আরও একদিন সময়।
গত ৩১ অক্টোবর দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বর্তমান রাজনৈতিক অবস্থান কি হবে তা তিনি জানাতে সকলকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে বলেছিলেন। আজ সংবাদ সম্মেলনে তিনি ঐক্যফ্রন্ডে যোগদানের ঘোষণা দেন।





