বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়া জাতীয় প্রেসক্লাবে পৌছেছেন। বেলা ১২টা ১২ মিনিটে বেগম খালেদা জিয়া প্রেসক্লাবে এসে পৌছান।
গুম খুনের প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশে যোগ দিতেই বেগম খালেদা জিয়া জাতীয় প্রেসক্লাবে এসেছেন।
প্রেসক্লাবে ঢোকার পথে বেগম খালেদা জিয়াকে কোন ধরনের পুলিশি বাধার মুখোমুখি হতে হয়নি। তবে প্রেসক্লাব ও এর আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
খালেদা জিয়া সমাবেশস্থলে আসলে নেতাকর্মীরা দলীয় স্লোগান দিতে থাকেন। সবশেষ প্রাপ্ত খবর অনুযায়ী আইনজীবী ফোরামের নেতাদের সাথে সমাবেশ মঞ্চে অবস্থান করছেন বেগম খালেদা জিয়া। কিছুক্ষণের মধ্যে তিনি সমাবেশে বক্তব্য দেবেন।
এর আগে বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে এ সমাবেশ শুরু হয়েছে বলে জানা গেছে। দেশব্যাপী খুন, গুম ও অপহরণের প্রতিবাদে সুপ্রীমকোর্ট প্রাঙ্গণে ডাকা এই সমাবেশে পুলিশ বাধা দেয়ায় জাতীয় প্রেসক্লাবে সমাবেশ করার সিদ্ধান্ত নেয় আইনজীবীরা।
সুপ্রিম কোর্টের মেইন গেট ও বার কাউন্সিলের পাশের গেটসহ সকল প্রবেশদ্বার বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া মাজার গেট এলাকায় কাঁটাতারের বেড়া দিয়েছে পুলিশ। তল্লাশি করে সীমিত পরিসরে সাংবাদিক প্রবেশ করতে দেয়া হলেও কোনো আইনজীবীকে প্রবেশ করতে দেয়া হয়নি আদালত প্রাঙ্গণে। প্রবেশ করতে গিয়ে এ পর্যন্ত ১৬ জন আইনজীবী আটক হয়েছেন বলে জানা গেছে।
[b]ঢাকা, ২৪ মে (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]