আগামীকাল রোববার অনুষ্ঠেয় উপজেলা নির্বাচনে কোনো ধরনের অনিয়ম হলে নির্বাচন কমিশন (ইসি) তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। প্রয়োজনে নির্বাচন বন্ধ করে দেয়া হবে।

ইসি সচিবালয়ে আজ শনিবার বিকেলে সাংবাদিকদের এ কথা বলেছেন ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান। তিনি বলেন, এ বিষয়ে ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কড়া নির্দেশ দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, উপজেলা নির্বাচন হচ্ছে একটি স্থানীয় নির্বাচন। প্রার্থীরা যথেষ্ট তৎপর থেকে এ নির্বাচনে প্রচার করেছেন, ক্যাম্পেইন করেছেন। নির্বাচনে উপস্থিতির হার অনেক বেশি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

কর্মকর্তারা দায়িত্বে অবহেলা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কিন্তু সম্প্রতি শেষ হওয়া জাতীয় সংসদ নির্বাচন ও উত্তর সিটি কর্পোরেশনে দায়িত্বে অবহেলার কারণে কোন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে কিনা।

সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব বলেন, অনেক সময় কিন্তু হয়েছে। একেবারে যে হয়নি, তা নয়। সুনির্দিষ্টভাবে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে, অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। তিন উপজেলার ভোট বন্ধ করার সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, কমিশন মনে করে এ পর্যায়ে তিন উপজেলায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সে জন্য বন্ধ করে দেয়া হয়েছে।   

উল্লেখ্য পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আগামীকাল রোববার সারা দেশের ৭৮টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথমবারের মত দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। 

প্রথম ধাপে ৮৭টি উপজেলা পরিষদে নির্বাচন আয়োজনের তফষিল ঘোষণা করলেও এর মধ্যে উচ্চ আদালত ও কমিশনের নির্দেশে ছয়টি উপজেলায় ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এছাড়া তিন উপজেলার সব পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হওয়ায় ওইসব উপজেলায়ও নির্বাচন হচ্ছে না।

এমআর