পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষ, দলীয় নেতা-কর্মী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী ও বিদেশি কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বিএনপির পক্ষ থেকে এই শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়। দুপুর বারোটার দিকে বিআইসিসিতে পৌঁছান বেগম জিয়া। প্রথমেই বিদেশি কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন খালেদা জিয়া। এরপর দলের শীর্ষস্থানীয় নেতা ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সারিবদ্ধভাবে খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, জার্মানি, কানাডা, ফিলিস্তিন, জাপানসহ প্রায় চল্লিশটি দেশের কূটনীতিকেরা খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বিদেশি কূটনীতিকদের মধ্যে পুরুষ ও মহিলাদের অনেকে পায়জামা-পাঞ্জাবি ও শাড়ি পড়ে এসেছিলেন।
এ সময় খালেদা জিয়ার পাশে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আর. এ গণি, ব্যরিস্টার জমিরউদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আ স ম হান্নান শাহ, ব্যরিস্টার রফিকুল ইসলাম মিয়া। এছাড়াও বিএনপি নেতা শমসের মুবিন চৌধুরী, আবদুল আওয়াল মিন্টু, হাবীব উন নবী খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা, ২৯ জুলাই, টাইমনিউজবিডি.কম, এএইচ





