ন্যাশনাল পিপলস পার্টি’র (এনপিপি) সঙ্গে দলটির সাবেক সভাপতি শওকত হোসেন নীলুর এখন আর কোনো প্রকার সম্পর্ক নেই বলে দাবি করেছেন নতুন সভাপতি ড. ফরিদুজ্জামান ফরহাদ।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে দলের আয়োজনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
‘জাতীয় সম্প্রচার নীতিমালা, বিচারপতি অভিসংশন ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট’ শিরোনামে বক্তারা আলোচনা করছিলেন।
এর একদিন আগেই অর্থাৎ রোববার দুপুরে নীলু সংবাদ সম্মেলন করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২০ দলীয় জোটের কঠোর সমালোচনা করেন।
বর্তমান সভাপতি ফরহাদ এনপিপি’র কেউ নন- বলেও মন্তব্য করেন সাবেক সভাপতি নীলু।
সোমবার ফরহাদের বক্তব্য মূলত নীলুর বক্তব্যেরই জবাব।
সভাপতির বক্তব্যে ফরহাদ বলেন, নীলু এনপিপি’র কেউ নন। তিনি ব্যক্তিগত স্বার্থান্ধ একজন মানুষ। নিজের স্বার্থে দল বদলানো তার পুরনো স্বভাব। বর্তমানে তিনি ২০ দলীয় জোট বা এনপিপি’র সঙ্গে কোনভাবেই জড়িত নন। তাকে বহিঃষ্কার করা হয়েছে। আর তারও আগে আমি তাকে বহিঃষ্কার করেছি।
বহিঃষ্কারের কারণ ব্যাখ্যা করে ফরহাদ বলেন, দল ও জোটের নীতিবিরোধী কর্মকাণ্ডের কারণে তাকে বহিঃষ্কার করা হয়েছে।
ফরহাদের এই বক্তব্যের সময় জোটের নেতৃত্বে থাকা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ ছাড়াও ছিলেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) সভাপতি খন্দকার গোলাম মোর্ত্তোজা, লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির মহাসচিব লুৎফর রহমান, এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা প্রমুখ।
ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





