বিএনপির প্রচার সম্পাদক জয়নাল আবদিন ফারুক বলেছেন, ভারতে যেমন মমতাকে জবা কুসুম তেল দিয়ে মাথা ঠান্ডা রাখতে বলা হয়েছে। বাংলাদেশে আমিও সরকারের মন্ত্রী, এমপি, আমলাসহ দলীয় নেতকর্মীদের মাথায় জবা কুসুম তেল দিয়ে মাথা ঠান্ডা রাখতে বলবো।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ সব কথা বলেন তিনি। সারাদেশে হত্যা, গুম, অপহরণ এবং ফরিদপুর জেলা বিএনপির সভাপতি শাহাজাদা মিয়াকে হুমকির প্রতিবাদে ‘জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ নামে একটি সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে।
সাবেক বিরোধীদলীয় চীপ হুইপ বলেন,  আওয়ামী লীগ সরকার দেশ বাঁচাতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এদের আইন ও গণতন্ত্র বুড়িগঙ্গায় ভেসে ওঠেছে। তারা রাজনৈতিক হাতিয়ার হিসেবে র‌্যাব ও আইন শৃঙ্খলাবাহিনীকে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন ।
আইনশৃঙ্খলা বাহিনী ও র‌্যাবের সুনাম যারা ক্ষুন্ন করছে তাদের খুঁজে বের করার আহবান জানিয়ে তিনি বলেন, র‌্যাবকে গড়ে তোলা হয়েছিল আইনশৃঙ্খলা, সন্ত্রাস, মাদক নিয়ন্ত্রণের জন্য। কিন্তু বর্তমান সরকার তাদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
বিএনপির প্রচার সম্পাদক বলেন, নারায়ণগঞ্জ জেলায় ৭ খুনের ঘটনায় হাইকোর্ট র‌্যাব কর্মকর্তাদের গ্রেফতারের নির্দেশ দেয়ার কারণ হলো সন্ত্রাস করেও সরকারের অহমিকা ফুরায় না। এই সরকার নিজের মতো করে দেশকে পরিচালনা করতে চায়।
তাই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার আহবান জানান জয়নাল আবেদীন ফারুক।
[b]ঢাকা, ১৫ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]