বিএনপি ইতিহাস বিকৃতি করেছে। তাই নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

কামরুল বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধে সঠিক ইতিহাস তুলে ধরেছে। আমাদের ছেলে-মেয়েদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস থেকে দুরে রাখা হয়েছিল। এখন তারা আবার  ইতিহাস জানতে শুরু করেছে।

রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে,এনাম-আনার জনকল্যাণ ফাউন্ডেশন’এর উদ্দোগে কানাডা প্রবাসী আকরামুল ইসলাম খান কর্তৃক গরীব-মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

 

কামরুল বলেন, ৭৫ সালের ১৫ আগস্টের পর যে সরকারই ক্ষমতায় এসেছে তারা পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের খন্ডিত ও বিকৃত ইতিহাস তুলে ধরে তাদের সঠিক ইতিহাস থেকে দূরে রেখেছে। ২০০৮ সালে আমরা ক্ষমতায় আসার পর পাঠ্যপুস্তকে সঠিক ইতিহাস তুলে ধরেছি।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর আমরা স্বপ্ন দেখতে ভুলে গেছিলাম। শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবার স্বপ্ন দেখতে শুরু করেছি। যে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলতো, এখন তারাই বলছে ঝুড়ি উপচে পড়ছে। এসময় তিনি সকল ধন্যাঢ্য ব্যক্তিকে সামাজিক কল্যাণে মেধাবীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

 

অনুষ্ঠান শেষে সারাদেশ থেকে আগত কলেজ, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল পড়ুয়া ৭০ জন ছাত্র-ছাত্রীদের হাতে বৃত্তির নগদ অর্থ তুলে দ্ওেয়া হয়।এছাড়া আকরামুল ইসলাম ২০০৯ সাল থেকে গরীব মোধাবী ছাত্র-ছাত্রীদের মাসিক বৃত্তি প্রদান করে যাচ্ছেন।

 

সংগঠনের সভাপতি মো. আমানুল হক সেন্টুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম মুকুল প্রমুখ।

 

 

 

এমআর