‘দেশে গণতন্ত্র আছে বলেই মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে কটাক্ষ করার সুযোগ পেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গণতন্ত্রিক পরিবেশ বিরাজমান বলেই বিএনপির নেতা-কর্মীরা রাস্তায় নামতে পারছেন।’
বুধবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিএনপি নেত্রী খালেদা জিয়ার বক্তব্যের জবাব দিতে আওয়ামী লীগ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সোমবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযোদ্ধা সমাবেশ ও আলোচনা সভায় খালেদা জিয়া মুক্তিযুদ্ধে ‘শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে’ মন্তব্য করে বলেছেন, ‘বলা হয়, এত লক্ষ লোক শহীদ হয়েছে। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে, আসলে কতজন শহীদ হয়েছে।’
এর জবাবে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করার পরও বিএনপির ওপর আওয়ামী লীগের কোনো হামলার ঘটনা ঘটেছে বলে আমাদের জানা নেই।
তবে খালেদা জিয়ার ঘৃণিত কটাক্ষের পরও বাংলার মুক্তিপাগল মানুষের রোষানল থেকে তিনি এবং তার দলের নেতা-কর্মীরা যে অক্ষত আছেন, দেশে গণতন্ত্র আছে বলেই তা সম্ভব হয়েছে।’
দেশে যদি গণতন্ত্র না থাকত, তবে এ ধরনের বক্তব্যের পর তাদের নেতা-কর্মীদের রাস্তায় বেরোনোর সুযোগ থাকত না এবং সেক্ষেত্রে আইনশৃংখলা নিয়ন্ত্রণ করা অনেক কঠিন হতো।
এসএইচ





