আন্দোলনরত মেডিকেলে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের উপর পুলিশি হামলা সরকারের বর্বর আচরণের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান একথা বলেন।

ইতোমধ্যে ছাত্রদল মেডিকেলে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে দেশব্যাপী জেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল করেছে উল্লেখ করে নেতৃদ্বয় অবিলম্বে এই অবৈধ ভর্তি পরীক্ষা বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় ভর্তি পরীক্ষা নেওয়ার আহবান জানান।

বিবৃতিতে বুধবার শাহবাগ, কারওয়ান বাজার ও মহাখালীতে আন্দোলনরত মেডিকেলে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতৃদ্বয় বলেন, “এটা দিবালোকের মতো পরিস্কার যে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। সে জন্যই ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলন করছে। তাছাড়া এটা শুধু ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদেরই আন্দোলন নয়, এই আন্দোলনে দেশের ছাত্রসমাজ, অভিবাবক, শিক্ষক ও চিকিৎসকবৃন্দেরও সমর্থন রয়েছে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীরা যখন আন্দোলন করছে তখন তাদের দাবি দ্রুততম সময়ে মেনে না নিয়ে তাদের উপর একের পর এক পুলিশি হামলা কোনভাবেই মেনে নেওয়া যায় না।”

বিবৃতিতে তারা বলেন, যেখানে সরকারের পক্ষ থেকে এমন ঘটনার পর দুঃখ প্রকাশ করে নতুন করে পরীক্ষার ব্যবস্থা করা উচিত ছিল সেখানে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেও তাদের নায্য অধিকার আদায় করতে ব্যর্থ হচ্ছে।

নেতৃদ্বয় স্মরণ করে দেন বিএনপি সরকারের সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ থেকে নকল উচ্ছেদ করা হয়েছিল এবং কলেজ-বিশ্ববিদ্যালয়ের কোনো ভর্তি পরীক্ষায় প্রশ্নপ্রত্র ফাঁস হয়নি।

এমএইচ