ব্লগার নিলয় হত্যা রাজনৈতিক চাল। আইন শৃঙ্খলা বাহিনীর সামনে নিলয়সহ যেসব হত্যাকাণ্ড ঘটছে, তার পেছেনে ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে যুব জাগপা আয়োজিত ‘শহীদ রায়হানের রক্ত - স্বাধীনতার মন্ত্র’ স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় যুব সমাজের করনীয় শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
খন্দকার মাহবুব বলেন, সরকার বিশ্বকে জানাতে চাচ্ছে বাংলাদেশে মৌলবাদী সন্ত্রাসী গোষ্ঠি রয়েছে। এদেরকে নির্মূল করতে হলে এই সরকারের প্রয়োজন আছে। এটি একটি রাজনৈতিক চাল। ব্লগার নিলয়কে এর অংশ হিসেবে হত্যা করা হয়েছে। জঙ্গি-মৌলবাদী ইস্যু তৈরি করে ক্ষমতাকে আর দীর্ঘায়িত করা যাবে না।
তিনি বলেন, আমরা জানতে চাই, কী করে সম্ভব আজ পর্যন্ত কোনো হত্যা কাণ্ডেরই বিচার হল না। কারণ উদঘাটন হলো না। এর অর্থই হলো সরকারের মদদেই এসব হচ্ছে।
তিনি আরও বলেন, সরকারের মাটিতে পা নেই, তারা আকাশে উড়ছে। যে কোনো সময় জনগণের গণবিস্ফোরণের মাধ্যমে তাদের পতন হবে। তাই তারা জঙ্গীবাদ ও মেীলবাদের ধোয়া তুলছে। এসব করে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যাবে না।
তিনি বলেন, বিদেশে সরকারে ভাবমূর্তির লেশ মাত্র নেই। তাই আমরা সবাইকে আহবান জানাচ্ছি আসুন রাজপথে নামি। ভোটের অধিকারের জন্য সংগ্রাম করি। মানুষকে জালেম সরকারের হাত থেকে রক্ষার জন্য আন্দোলন করি।
প্রবীন এই আইনজীবী বলেন, আমরা আশা করছি, এবারের গণতান্ত্রিক আন্দোলনে ভারত দেশের মানুষের পাশে থাকবে। কারণ কাকা বাবুদের সরকার এখন নেই। তাই দেশের বর্তমান সরকারকে বলবো তত্ত্বাবধাক নামে নয়, নিরপেক্ষ যে কোনো সরকারের অধীনে নিবার্চন দিন, দেশের চলমান রাজনৈতিক সংকটসহ সব সংকট কেটে যাবে।
এমএ/ এমকে/ এআর





