গত এক শতাব্দীতে বাংলাদেশের জনগণ এ রকম একটি অযোগ্য আইনমন্ত্রী দেখেনি। রাস্তায় বের হতে ভয় লাগে কখন কাকে পিটিয়ে হত্যা করা হয়, অথচ আইনমন্ত্রী এসব ঘটনাকে বিরোধীদলের ওপর চাপানোর চেষ্টা করেছে। বললেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষকদলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু।
সাম্প্রতিক সময়ে আইনমন্ত্রীর দুটি বক্তব্যের উদ্ধৃতি দিয়ে এর কড়া সমালোচনা করে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এ সরকার ভোটারবিহীন সরকার ,এ সরকার দুর্নীতিগ্রস্ত সরকার, এই সরকার বাংলাদেশের গণতন্ত্রকে বিলুপ্ত করেছে।
আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেছেন, দেশে আজ কোনো সরকার আছে বলে দেশবাসী মনে করে না। তিন বছরের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কেউ ধর্ষণের হাত থেকে রেহাই পাচ্ছে না। গণপিটুনির নামে দেশজুড়ে মানুষ হত্যার মহোৎসব শুরু হয়েছে।
তিনি বলেন, ‘রাস্তায় বের হতে ভয় লাগে- কখন কাকে পিটিয়ে হত্যা করা হয়। অথচ আইনমন্ত্রী এসব ঘটনাকে বিরোধী দলের ওপর চাপানোর চেষ্টা করেছে। প্রিয়া সাহা দেশদ্রোহী বক্তব্য দেওয়ার পরেও আইনমন্ত্রী বলেছেন- এটা দেশদ্রোহী বক্তব্য নয়। গত এক শতাব্দীতে এরকম একটি অযোগ্য আইনমন্ত্রী বাংলাদেশেরর জনগণ প্রত্যক্ষ করেনি।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী বন্যাদুর্গতদের রেখে লন্ডনে চলে গেলেন, দেশে খুন-ধর্ষণের মহোৎসব চলছে, গণপিটুনিতে মানুষ হত্যা শুরু হয়েছে- কেউ দেখার নেই। যদি তাই হয় তবে সরকারেরই বা কী দরকার আছে?
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘আমরা মনে করি প্রতিবাদ ও আন্দোলন ছাড়া এই দেশে বেঁচে থাকা অসম্ভব। তাই আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলি, রাজপথে নামি বেগম খালেদা জিয়াকে মুক্ত করি।
‘অপরাজেয় বাংলাদেশ’ নামের একটি সংগঠনের আয়োজনে মানববন্ধনে সংগঠনের সহ-সভাপতি আলহাজ্ব খলিলুর রহমান ইব্রাহিম সভাপতিত্ব করেন। এতে সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ফরিদা মনি শহীদুল্লাহ, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার ও কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
এএস





