বেগম জিয়া সব হারিয়ে এখন আবোল তাবোল প্রলাপ বকছেন। দেশবাসী আর তার কথায় বিশ্বাস করেন না। ঈদের পর তারা সরকার পতনের আন্দোলনের হুমকি দিচ্ছেন। তাদের এই আন্দোলনের ঈদ এ দেশে কখনো আসবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শনিবার দুপুরে কাজীপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের কুনকুনিয়া ও শ্যামপুর গ্রামের ৪৫৬টি পরিবারের বিদ্যুৎ সংযোগ উদ্বোধন শেষে মাইজবাড়ি হাই স্কুল মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি নিয়মতান্ত্রিক রাজনীতির পথ পরিহার করে জ্বালাও, পোড়াও, নরহত্যাসহ নৈরাজ্য সৃষ্টির পথ বেছে নিয়ে এখন জনবিচ্ছিন্ন একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে।

বেগম খালেদা জিয়াকে মাথা ঠাণ্ডা রেখে বর্তমান সরকারকে সহযোগিতার পাশাপাশি আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেবার আহবান জানিয়ে বলেন, জনগন ভোট দিলেই বিএনপি আগামীতে সরকার গঠন করতে পারবে।

ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় বক্তব্য রাখার পর তিনি সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির বৈঠকে অংশগ্রহন করেন।

ঢাকা, ১২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই