কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেছেন মির্জা ফখরুল’সহ দলটির শীর্ষ নেতারা।   

বৈঠকে বেসরকারি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন বিএনপি নেতারা।   

আজ (০৯ সেপ্টেম্বর) সচিবালয়ে বিএনপির ৭ সদস্যের একটি প্রতিনিধিদল আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক করেন। দুপুর ২টা ৫৫ মিনিটে শুরু হয়ে এই বৈঠক ৩টা ৫৫ মিনিটে শেষ হয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন- দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, জমিরউদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, মঈন খান ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।

বৈঠক শেষে সাংবাদিকদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এর আগে খালেদা জিয়া ওই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাই ইউনাইটেড হাসপাতালের চিকিৎসকরা জানেন তাঁর সমস্যাগুলোর কথা। তাই, খালেদা জিয়ার ইচ্ছা অনুযায়ী আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি জানিয়েছি সেখানেই চিকিৎসা দিতে।”  

বিএনপি মহাসচিব আরও বলেন, “কারাগারে বন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তাঁর অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। তাঁর দ্রুত চিকিৎসা প্রয়োজন। তাঁর চিকিৎসার ব্যবস্থা করতে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করেছি। এখন সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় থাকলাম আমরা।”

এর আগে বিশেষায়িত বেসরকারি হাসপাতালে চিকিৎসা সুবিধা চেয়ে হাইকোর্টে রিট করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ (রোববার) তাঁর আইনজীবী কায়সার কামাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন। আগামীকাল (সোমবার) রিটের ওপর শুনানি হবে।  

দলটির পক্ষ থেকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাবন্দি বেগম জিয়ার সুচিকিৎসা নিশ্চিতের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে চিঠি দেয়া হয়। সেই চিঠির পরিপ্রেক্ষিতে সাক্ষাতের সময় দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

গত ৭ সেপ্টেম্বর বিএনপি মহাসচিব সংবাদ সম্মেলনে জানান, খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, দেশনেত্রী অত্যন্ত অসুস্থ। তার বাম হাত ও বাম পা প্রায় অবশ হয়ে গেছে। অসহ্য ব্যথা অনুভব করছেন তিনি। একই কথা তিনি গত ৫ সেপ্টেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরিত আদালত কক্ষেও বলেছেন।

খালেদা জিয়ার কোনো চিকিৎসা হচ্ছে না দাবি করে মির্জা ফখরুল আরও বলেছিলেন, “আমরা অত্যন্ত উদ্বিগ্ন তার স্বাস্থ্য নিয়ে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে (খালেদা জিয়া) সাজানো মিথ্যা মামলায় শাস্তি দিয়ে কারাগারে বেআইনিভাবে আটক রেখে হত্যা করার হীনপ্রচেষ্টা চালাচ্ছে সরকার।”

এদিকে খালেদা জিয়ার চিকিৎসা বিশেষায়িত হাসপাতালে করতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি জানানো হবে বলে রোববার সকালে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।  

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ -এর বিচারক ড. আখতারুজ্জামান। এই মামলায় খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানসহ অন্য আসামিদের ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া অর্থদণ্ডও করা হয়।

রায়ের পর থেকে একমাত্র বন্দ হিসেবে বেগম খালেদা জিয়া রাজধানীর নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে সাজা ভোগ করছেন।   

এমবি