আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রচারণায় মাঠে নামলে পরিবেশ দূর্গন্ধ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম।

বুধবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত ভাষা সৈনিক মহিউদ্দিন আহমেদের ১৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

কামরুল বলেন, বিগত দিনগুলোতে মানুষ পুড়িয়ে হত্যা করেছে বেগম জিয়া। এই দূর্গন্ধ নিয়ে কিভাবে মাঠে নামবেন তিনি। জনগণ তাকে মাঠেই প্রত্যাখ্যান করবে।

তিনি বলেন, আমি নির্বাচন কমিশনকে আহবান জানাবো সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনে, নির্বাচনকে যারা প্রশ্ন বিদ্ধ করার অপচেষ্টা করছে তাদের নিবৃত করুন।

কামরুল বলেন, এক দিকে সন্ত্রাসীরা মাঠে নামছে অপরদিকে অপপ্রচার চালিয়ে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা চালানো হচ্ছে। এর জন্য কমিশনের সজাগ দৃষ্টি রাখতে হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, যে কোন প্রয়োজনে সরকার নির্বাচন কমিশনকে সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা হেদায়েতুল ইসলাম স্বপন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সমম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।

এমআর/ এআর